বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ইয়াবাসহ আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজার এলাকায় ইয়াবা সেবনের সময় স্থানীয় লোকজন দুইজনকে আটক করেন। পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
আটকৃতরা হলেন, সিনজানি-কামুল্ল্যা এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩২) এবং সরিষাবাদ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫)। একই ঘটনায় শাজাহানপুর উপজেলার তারাইল গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জাকির হোসেন (৫২) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সোমবার (২২ জুন) সকালে মুরাদপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযানের সময় ৬টি ইয়াবা ট্যাবলেটসহ দোলাসিংড়া গ্রামের আব্দুল করিমের ছেলে জিল্লুর (২৪) এবং চৌগ্রাম এলাকার মৃত রেজাউল করিমের ছেলে শামীম হোসেনকে (৩১) হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।


