বগুড়ার আদমদীঘিতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাকিব আল হাসান উপজেলার তালশন গ্রামের বাসিন্দা। তিনি ওছমান আলী খন্দকারের ছেলে এবং আদমদীঘি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় একই বছরের ২৫ আগস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা দায়ের করা হয়।
আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ায় পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের বিষয়ে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


