রাজধানীতে স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। একই অভিযানে একটি ব্লাড ব্যাংককে ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল থেকে রাজধানীর চানখারপুলসহ আশপাশের এলাকায় স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি দল এই অভিযান চালায়।
অভিযানে গিয়ে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ব্লাড ব্যাংক পরিদর্শন করা হয়। এর মধ্যে নিবন্ধন না থাকা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সুবিধা না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কিছু প্রতিষ্ঠানে জরুরি বিভাগ ছিল না, আবার কোথাও মানসম্মত ল্যাব ও প্যাথলজি সুবিধার ঘাটতি পাওয়া গেছে। এসব অনিয়মের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়।
একই সময়ে একটি ব্লাড ব্যাংকে বিভিন্ন ত্রুটি ও নিয়ম না মানার অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিদর্শনের সময় সেবার মান, পরিবেশ, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
দুপুর পর্যন্ত চলা অভিযানে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


