বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওবায়দুর রহমানের মিউজিয়াম হলে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
সর্বসম্মতিক্রমে গঠিত ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে হারুন অর রশিদকে আহ্বায়ক, রঞ্জু সরকারকে যুগ্ম আহ্বায়ক এবং আব্দুর রউফকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুজ্জামান।
আলোচনা সভা শেষে নতুন এই আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আজিজুর রহমান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা লালন এবং বীর মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সন্তানদের এই সংগঠন আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক বীর মুক্তিযোদ্ধার সন্তান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


