ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ সুলতানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। তার বাবার নাম মোহাম্মদ সুলতান (৩০)। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কিতাব আলীর ছেলে। কাজের কারণে স্ত্রী রুনা আক্তারকে নিয়ে তিনি ফুলগাজীতে বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান দিনমজুরের কাজ করতেন। দম্পতির একমাত্র সন্তান জুনায়েদের জন্ম হয় দুই মাস আগে। ঘটনার পর শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই সংসারে অশান্তি সৃষ্টি করতেন।
রুনা আক্তার আরও দাবি করেন, ঘটনার রাতে স্বামী বাসায় ফিরে তাকে দোকান থেকে পানীয় আনতে পাঠান। তিনি ফিরে এসে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তবে আটক সুলতান পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিন্ন বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার দাবি, তিনি শিশুটিকে কোলে নিয়ে খেলছিলেন, এ সময় শিশুটি তার হাত থেকে পড়ে যায়। পরে আর সাড়া পাওয়া যায়নি।
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


