বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাগড়া কলোনি মাদক ও জুয়া নির্মূল কমিটি, এই অনুষ্ঠানের আয়োজন করে।
কুসুম্বি ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না। সচেতনতামূলক এই কর্মসূচিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোয়াইব আহমেদ চপল।
অনুষ্ঠানে বাগড়া কলোনি মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি মো. নুর আলম এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল কাশেম এবং বিশালপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
বৈঠকে বক্তারা বলেন, মাদক ও জুয়া একটি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই। এলাকায় এসব অপকর্ম সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকা থেকে মাদক ও জুয়া সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এবং ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।


