আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে। এতে নাশকতা, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।
চিঠি অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর জেলায় প্রয়োজনীয়সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে। তারা ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ২৩ জুনকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
এর অংশ হিসেবে ঢাকার ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ তল্লাশিচৌকি বসানো হবে। পাশাপাশি রাজধানীর সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে। সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনের ওপরও বাড়তি নজরদারি থাকবে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পর আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে নির্দিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত হলে সেই নিষেধাজ্ঞা বহাল থাকে।


