বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ভারসাম্য ফিরিয়ে আনতে শুধু পণ্য আমদানি-রপ্তানিতে সীমাবদ্ধ না থেকে উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। বাংলাদেশে কারখানা স্থাপন করে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, এতে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ ও বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও চীনা দূতাবাসের যৌথ আয়োজনে ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ-চীনের বাণিজ্য পরিস্থিতি তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পশ্চিমা বাজারে গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির অংশ ১৮ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে চীনে বাংলাদেশের রপ্তানি মাত্র ১ দশমিক ৭১ শতাংশ।

এই ব্যবধান কমাতে দুই দেশের সহযোগিতা পণ্য বেচাকেনার গণ্ডি ছাড়িয়ে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, উৎপাদন ও সাংস্কৃতিক বিনিময়ের দিকে বিস্তৃত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে উৎপাদন শুরু করলে দেশের ভৌগোলিক অবস্থান, শ্রমশক্তি ও বাজারসুবিধা কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ইউরোপেও পণ্য রপ্তানির সুযোগ পাবে বলে মন্তব্য করেন উপদেষ্টা।
বাংলাদেশের বন্দরগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে চীনের সহযোগিতা কামনা করেন ইসমাইল জবিউল্লাহ। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পাশাপাশি আরেকটি বড় বন্দর অবকাঠামো নির্মাণে চীনের সহায়তার কথা বলেন তিনি।
চাঁদপুরকে সম্ভাবনাময় বন্দর ও লজিস্টিকস কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সম্ভাব্যতা যাচাই, চাঁদপুর-শরীয়তপুর সেতু বা টানেল নির্মাণ এবং বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান মারস্কের আদলে একটি শিপিং ও লজিস্টিকস কোম্পানি গড়ে তোলার প্রস্তাবও দেন।
আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ এবং সমুদ্রপথে কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপন করা গেলে কার্যকর অর্থনৈতিক করিডোর তৈরি হতে পারে।
তবে এ ধরনের উদ্যোগে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিবেচনায় নিয়ে গবেষণা, সম্ভাব্যতা সমীক্ষা এবং নীতিগত আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন উপদেষ্টা।
দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বেড়েছে। ২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ঘোষিত ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গঠনের অঙ্গীকার সম্পর্কের নতুন দিক উন্মোচন করেছে।
পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ককে এখন বাস্তব অর্থনৈতিক সহযোগিতায় রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ টেনে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ছাড়া দীর্ঘমেয়াদি বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের গঠনমূলক ও জোরালো কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রসঙ্গ তুলে আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) জ্যেষ্ঠ গবেষক ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই এবং এসআইআইএস-ডিইউ সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, চীনা দূতাবাসের প্রতিনিধি, সাবেক কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নীতিনির্ধারকেরা অংশ নেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

