বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। এরপর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক এই রাষ্ট্রপতি।
শনিবার (২৫ জুলাই) একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মো. সাহাবুদ্দিন এসব তথ্য জানান।
সাবেক রাষ্ট্রপতি বলেন, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যাওয়ার কথা ভাবছেন। জটিল রোগের চিকিৎসায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকেও তাঁকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ থাকায় তাঁকেও সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি স্বাক্ষর করা পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠান। পরে সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে স্পিকার পদত্যাগের বিষয়টি জানান এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথা ঘোষণা করেন।
নিজ মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়লেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।
২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর হওয়ায় তার দায়িত্বের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির বিষয়ে সাবেক রাষ্ট্রপতি জানান, কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত জিনিসপত্র গুলশানের বাসায় সরিয়ে নেওয়া হচ্ছিল। পাশাপাশি বাসাটির প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও শেষ করা হয়েছে।
৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। ওই অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আলাদা করে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নাও হতে পারে।
এদিকে নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে তিনি বলেন, সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্পিকারের বাসভবন থেকেই চলবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম
সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, তিনি বঙ্গভবনে অবস্থান না করে সংসদ ভবন এলাকার স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কার্যক্রম, বিদেশি রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো বঙ্গভবন থেকেই পরিচালিত হবে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে হাফিজ উদ্দিন আহমদের। পরে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

