দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডা. এম এ মুহিত। তিনি বলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষও স্বাস্থ্যসেবার আওতায় আসবে।
বুধবার (২২ এপ্রিল) ‘চায়না-ডোনেটেড মোবাইল মেডিকেল ভেহিকল টু বাংলাদেশ’ শীর্ষক হ্যান্ডওভার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীন সরকারের উপহার হিসেবে পাওয়া ভ্রাম্যমাণ মেডিকেল যানগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াও ওয়েন এবং মো. কামরুজ্জামান চৌধুরী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই মোবাইল মেডিকেল ভেহিকেলগুলো দেশের বিভিন্ন এলাকায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এসব রোগের কারণে সৃষ্ট পঙ্গুত্ব ও মৃত্যুহার কমাতেও সহায়তা করবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনে স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডা. এম এ মুহিত জানান, স্বাস্থ্যখাতের উন্নয়নে চীন সরকারের সঙ্গে গবেষণা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে কাজ চলছে। এই সহযোগিতা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


