বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় প্রশাসনের সিলগালা করা একটি অনিবন্ধিত আবাসিক হোটেলে গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। ‘হোটেল অবকাশ’ নামের ওই প্রতিষ্ঠানে যৌথ বাহিনীর অভিযানে ১৪ নারী ও ৬ পুরুষসহ ২০ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আদর্শ কলেজ গেটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল পরিচালনার সঙ্গে জড়িত চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক অপর ১৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলটির কোনো বৈধ নিবন্ধন নেই। অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এর আগে জেলা প্রশাসন হোটেলটি সিলগালা করে দিয়েছিল। তবে সেই সিলগালা অক্ষত রেখেই হোটেলের অন্য পাশে একটি বিকল্প গেট তৈরি করা হয়। বাইরে থেকে তালাবদ্ধ দেখিয়ে ওই গেট ব্যবহার করে ভেতরে কার্যক্রম চালানো হচ্ছিল বলে অভিযোগ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাতটার দিকে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা হোটেলটি ঘিরে ফেলেন। পরে জেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা অভিযানে যুক্ত হন। হোটেলের বিকল্প গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করেন তাঁরা।
অভিযানকারীরা হোটেলের বিভিন্ন কক্ষ ও ছাদে দীর্ঘ সময় তল্লাশি চালান। একপর্যায়ে পাশের একটি ভবনের ছাদ থেকে ১৪ নারী ও ৬ পুরুষকে আটক করা হয়। সেখান থেকে মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জাম এবং বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে অভিযানকারী দল।
অভিযানের পর স্থানীয় বাসিন্দা আবু হাসান বলেন, দীর্ঘদিন ধরেই ওই হোটেলে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল। প্রশাসন হোটেলটি সিলগালা করে দেওয়ার পরও বিকল্প ব্যবস্থা করে কার্যক্রম চালানো হচ্ছিল। তাঁর দাবি, শুধু অভিযান চালিয়ে ছেড়ে না দিয়ে হোটেলটি স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা করা উচিত।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। তিনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে চারজন হোটেলটি অবৈধভাবে পরিচালনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। নিবন্ধন না থাকা এবং আগেই সিলগালা করা সত্ত্বেও সেটি ভেঙে পুনরায় চালু করার দায়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাকি ১৬ জনের মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ। তাঁদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক রাখার অভিযোগে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। বর্তমানে তাঁরা পুলিশের হেফাজতে রয়েছেন।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, সিলগালা থাকা অবস্থায় হোটেলটির বিকল্প গেট তৈরি করে ভেতরে অবৈধ কার্যক্রম চালানোর বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, হোটেলের বিভিন্ন কক্ষ ও ছাদে তল্লাশি চালিয়ে মাদকসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। শহরের অন্য কোনো অননুমোদিত আবাসিক হোটেলে এ ধরনের কার্যক্রমের তথ্য পাওয়া গেলে সেখানেও অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

