দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি আর রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুল ভর্তির প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে এবং প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে আর লটারি পদ্ধতি থাকবে না। পাশাপাশি আগে যেভাবে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো, সেটিও আবার চালু করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের ঘোষণাও দেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি এর আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ছিলেন। একই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে চূড়ান্ত করা হয়েছে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান-কে।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়-এর বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম-কে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ড. ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঘোষণা করা হয়েছে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম-এর নাম।
এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মামুন আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপউপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক রইস উদ্দিন।


