সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও অন্যান্য তথ্য যাচাইয়ের জন্য আইপিইএমআইএস সফটওয়্যারে ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২৭ অক্টোবরের মধ্যে ছবি আপলোডের পাশাপাশি সেগুলোর অনুমোদনও সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে বা তথ্যে ভুল পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আইপিইএমআইএসে বিদ্যালয়ের তথ্য, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত প্রোফাইল এবং শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করার জন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম চলছে।
তথ্য যাচাইয়ে দেখা গেছে, অনেক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করলেও নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের রঙিন ছবিসহ কিছু প্রয়োজনীয় তথ্য আপলোড করেনি। এ কারণে বাকি তথ্য ও ছবি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়ে অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনায় বিদ্যালয়ের রঙিন ছবি, ক্যাচমেন্ট এলাকার মানচিত্র, গেট ও সীমানাপ্রাচীর এবং মাঠসহ পুরো বিদ্যালয়ের দৃশ্য অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষের ছবি, শিক্ষক কক্ষ, শিক্ষকদের দলীয় ছবি, ওয়াশরুম এবং বিদ্যালয় ভবনের সামনের ও পেছনের সাম্প্রতিক ছবিও আপলোড করতে হবে।
শ্রেণিকক্ষের ছবি এমনভাবে তুলতে হবে, যাতে কক্ষের আসবাব ও শিক্ষা উপকরণ স্পষ্ট দেখা যায়। শিক্ষার্থীদের চেয়ার-টেবিলের পাশাপাশি ল্যাপটপ, প্রজেক্টর ও তথ্যপ্রযুক্তির অন্যান্য সরঞ্জাম থাকলে সেগুলোও ছবিতে দৃশ্যমান রাখতে হবে। ছবি তোলার সময় পর্যাপ্ত আলো নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষক কক্ষের ছবিতে সেখানে অবস্থানরত শিক্ষকদের দেখা যেতে হবে। তবে এ ছবিতে বিদ্যালয়ের সব শিক্ষককে রাখা বাধ্যতামূলক নয়। অন্যদিকে, শিক্ষকদের দলীয় ছবি তুলতে হবে বিদ্যালয়ের মূল ভবনের সামনে। এতে প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে স্পষ্টভাবে চেনা যায়, এমনভাবে ছবি ধারণ করতে বলা হয়েছে।
বিদ্যালয়ের রঙিন ছবিতে ভবনের সম্পূর্ণ অংশ দেখাতে হবে। ক্যাচমেন্ট এলাকার মানচিত্রের ছবিও হতে হবে পরিষ্কার ও পাঠযোগ্য। গেট ও সীমানাপ্রাচীরের ছবি তোলার জন্য দ্বিতীয় তলা বা উঁচু স্থান বেছে নিতে বলা হয়েছে, যাতে দুটিই স্পষ্টভাবে বোঝা যায়।
মাঠসহ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ছবি দিনের আলোতে সামনের দিক থেকে তুলতে হবে। এতে ভবন ও মাঠের পুরো চিত্র থাকতে হবে। শ্রেণিকক্ষের ছবিতে অবকাঠামো, আসবাব ও শিক্ষা উপকরণ যেন পরিষ্কারভাবে দেখা যায়, সেদিকেও গুরুত্ব দিতে বলা হয়েছে।
ওয়াশরুমের ক্ষেত্রে সাম্প্রতিক ও স্পষ্ট ছবি আপলোড করতে হবে। তবে কোনো বিদ্যালয়ে ওয়াশরুম না থাকলে এ-সংক্রান্ত ছবি দেওয়ার প্রয়োজন নেই। ভবনের সামনের ও পেছনের ছবিও সাম্প্রতিক হতে হবে।
চিঠিতে ২৭ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় ছবি আপলোড ও অনুমোদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ না করা হলে কিংবা ভুল তথ্য পাওয়া গেলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

মেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

