সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার ৮ জেলার ২ হাজার ৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ১৯ জন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৯২ হাজার ৯৬৭ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ৮০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৮৯৭ জন পরীক্ষার্থী রয়েছে।
বোর্ডের আওতাধীন ৮ জেলার ২৭৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, বগুড়া জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ১০২ জন শিক্ষার্থী ৪৫টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। এছাড়া রাজশাহী জেলায় ২৮ হাজার ৫৩৭ জন, সিরাজগঞ্জে ৩১ হাজার ৩৫৪ জন, পাবনায় ২৬ হাজার ৬৭২ জন, নওগাঁয় ২১ হাজার ২৯৯ জন, নাটোরে ১৫ হাজার ৮৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ হাজার ৯৫৬ জন এবং জয়পুরহাটে ৮ হাজার ৯১১ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষার প্রস্তুতি বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক জানান, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বোর্ডের নিজস্ব ভিজিল্যান্স টিমের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কার্যালয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, “প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) ও পরে সৃজনশীল (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।”


