বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় একটি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, সরকারের কাজের গতি ও অগ্রগতি দেখে বিরোধী পক্ষ অস্বস্তিতে পড়েছে। তাদের বক্তব্যে সেই প্রতিক্রিয়াই প্রতিফলিত হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের কার্যক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলেও তার মনে হয়।
তিনি মন্তব্য করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হতাশ নন, বরং জামায়াতে ইসলামীই রাজনৈতিকভাবে চাপে রয়েছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, হকারদের জন্য পরিচয়পত্র চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সড়কে শৃঙ্খলা ফেরানো যায় এবং অনিয়ম কমানো সম্ভব হয়।
আগামী পাঁচ বছরে রাজধানীর চেহারা বদলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দায়িত্ব পেলে এলাকার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ থাকলে উন্নয়নকাজ আরও টেকসই হবে।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সিটি করপোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


