ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেলেও জ্বালানি তেলের চাপ কমেনি। বরং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, কোথাও কোথাও আবার তেল ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পাম্প।
সোমবার (২৩ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অসংখ্য গাড়িকে।
কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেলের জন্য অপেক্ষায় থাকা যানবাহনের সারি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কোথাও কোথাও চালকদের দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
অন্যদিকে, কিছু পাম্পে তেলের মজুত শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা। অনেকেই প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ফিরে যাচ্ছেন।
পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে আগের তুলনায় বেশি তেল সরবরাহ করা হলেও ঈদকে কেন্দ্র করে চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সব গ্রাহককে তেল দেওয়া সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে ঈদের পর ভোগান্তি আরও বাড়তে পারে।


