বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঘরে মজুত রাখা কৃষিপণ্য ও কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমিনুল ইসলাম আকাশ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ভোর ৪টা ১৩ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগা বাড়িটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আত্মগোপনে থাকা আমিনুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, যাতে তাকে ভয় দেখানো যায়। আগুনে সংরক্ষিত কৃষিপণ্য ও দোকানের পুরোনো কিছু আসবাবপত্র পুড়ে যায়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


