ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিজেপির জয়ী বিধায়কদের নিয়ে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেন। সেখানে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয়।
বৈঠক শেষে অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য একাধিক প্রস্তাব জমা পড়লেও সব প্রস্তাবেই শুভেন্দু অধিকারীর নাম ছিল। দ্বিতীয় কোনো নাম না আসায় তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রধান পর্যবেক্ষক করা হয়েছিল অমিত শাহকে। সহকারী পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তাদের উপস্থিতিতে কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। এর মধ্য দিয়ে টানা ১৫ বছরের শাসনের অধ্যায় শেষ হয় সাবেক মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র।
গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে বিজেপি ২০০-এর বেশি আসনে জয় পায়। এর ফলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের সুযোগ পায় দলটি।


