বগুড়ার শেরপুরে খুঁটি থেকে ঝুলে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে কোরবান আলী (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ বাবাকে খুঁজতে গিয়ে একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে ছেলে মো. রবিন (১৮)। এছাড়া ফসলি জমিতে স্বামী ও সন্তানের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন স্ত্রী রুবি খাতুন (৩৫)।
শুক্রবার (১৯ জুন) উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া মৌজায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি ওই ইউনিয়নের কেল্লা আকন্দ পাড়া গ্রামে।
নিহতের ভাতিজা নুর আলম ও শ্যালক আব্দুল কাদের জানান, শুক্রবার ভোর ৬টার দিকে কোরবান আলী টুনিপাড়া মৌজায় নিজের জমিতে কাজ করতে যান। সেখানে সেচ পাম্পের জন্য টানা ১১ হাজার ভোল্টের একটি তার খুঁটি থেকে নিচের দিকে ঝুলে ছিল। অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সারাদিন তিনি বাড়ি না ফেরায় সন্ধ্যায় ছেলে রবিন তার বাবার খোঁজে ওই জমিতে যান। অন্ধকারে ঝুলে থাকা তারের সংস্পর্শে যাওয়া মাত্রই রবিনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। পরে রাত ৭টার দিকে মা রুবি খাতুন প্রতিবেশী একজনকে সাথে নিয়ে সেখানে গিয়ে স্বামী ও সন্তানকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বিচ্ছিন্ন করার পর তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রবিন বর্তমানে সেখানে চিকিৎসাধীন থাকলেও মা রুবি খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ওই রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তিন দিন আগে ঝড়ো হাওয়ায় সেচ পাম্পের ওই বিদ্যুৎ লাইনটির খুঁটির হ্যান্ডেল বিপজ্জনকভাবে ঝুলে ছিল। কিন্তু সেচ পাম্পের মালিক বা পল্লী বিদ্যুৎ অফিস বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এই মর্মান্তিক প্রাণহানি ঘটেছে।
শেরপুর পল্লী বিদ্যুতের জোনাল কার্যালয়ের পরিদর্শক সবুজ কুমার হালদার বলেন, “তার বিপজ্জনকভাবে ঝুলে থাকার বিষয়টি স্থানীয় কেউ আমাদের জানায়নি। সংবাদ পাওয়া মাত্রই আমরা সংযোগ বিচ্ছিন্ন করে তারটি মেরামত করেছি।”
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “ এ ঘটনায় শুক্রবার রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


