কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের মারকাজ মসজিদটি গত ২২ মার্চ থেকে তালাবদ্ধ রয়েছে। এতে সেখানে নিয়মিত নামাজ আদায় বন্ধ রয়েছে। সোমবার বিকেলে মাওলানা জোবায়েরের অনুসারীরা মসজিদের সামনে ব্যানার নিয়ে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন এবং তালা খোলার চেষ্টা চালান। এ সময় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়ভাবে জানা যায়, পশ্চিম হুগুলিয়া গ্রামের বাসিন্দা হাজী জৈনউদ্দিন ১৯২২ সালে মসজিদের জন্য জমি ওয়াক্ফ করেন। সেই জমিতে স্থানীয়দের অর্থায়নে ২০১২ সালে মারকাজ মসজিদ নির্মাণ হয় এবং ২০১৪ সাল থেকে সেখানে নামাজ শুরু হয়। একসঙ্গে প্রায় আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদে।
মসজিদটির নিয়ন্ত্রণ নিয়ে কয়েক বছর ধরেই তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। একসময় প্রশাসনের মধ্যস্থতায় নির্দিষ্ট দিনে আলাদা আলাদাভাবে ইবাদতের ব্যবস্থা করা হলেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় মসজিদটি তালাবদ্ধ রাখা হয় বলে জানা গেছে। তবে মসজিদ নিয়ন্ত্রণ ও তালাবদ্ধ করার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্নমত রয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে ৩০ এপ্রিল দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসা হবে। এর আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।


