জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ নামে একটি কাঠামোর শপথ গ্রহণ করেছে। তার মতে, সংবিধানে এমন কোনো পরিষদের অস্তিত্ব না থাকায় এই পদক্ষেপকে বৈধ বলা যায় না।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই সনদ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগ বা রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে হয় না। এটি পরিচালিত হয় সংবিধান, আইন ও প্রতিষ্ঠিত বিধি-বিধানের আলোকে।
তিনি বলেন, সরকার জুলাই সনদের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এটি বাস্তবায়নের বিষয়ে আন্তরিক। তবে সেই বাস্তবায়ন অবশ্যই সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই হতে হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। বর্তমানে সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশনেই অংশ নিচ্ছেন, ‘সংস্কার পরিষদ’ নামে কোনো অধিবেশনে নয়।
তার ভাষ্য, জুলাই জাতীয় সনদ অনুযায়ী যদি কোনো সংস্কার পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। সংসদে আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এ ধরনের পরিষদ গঠন বা শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংস্কার পরিষদের সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন বলে তিনি উল্লেখ করেন।


