বগুড়ার নন্দীগ্রামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ (২২) স্থানীয় কৃষক আব্দুল কাদেরের ছেলে। তিনি বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, আকাশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সারারাত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, যা পরিবারকে উদ্বিগ্ন করে তোলে।
পরদিন সকালে স্থানীয় লোকজন খেজুর পুকুর এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


