রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এই নির্দেশনা দেন। জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, জনপ্রশাসনের প্রতিটি দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দেশের যেখানেই প্রয়োজন হোক, সেখানে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো পদই স্থায়ী নয়, সরকারও চিরস্থায়ী নয়। দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি জানান, দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানও দুর্বল হয়ে পড়েছে। তবে সাধারণ মানুষের কষ্ট না বাড়িয়ে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছে।
তিনি জানান, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে সচেতনতা বাড়ানোর দিকেও জেলা প্রশাসকদের নজর দিতে বলেন তিনি।
এর আগে সকালে সচিবালয়ে নিজ দপ্তর থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে শুভেচ্ছা জানান, তিনি হাত নেড়ে সেই শুভেচ্ছার জবাব দেন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয়ের বিষয় নিয়ে আলোচনা হবে। দিনের কার্যক্রম শেষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা।
দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হবে এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে মতবিনিময় করবেন তারা।
তৃতীয় দিনে সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা হবে। একই দিনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শেষে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।


