বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার বেলকুচি গ্রামের পণ্ডিতবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় দুলাল শেখের কাছ থেকে ২০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন দুলাল শেখের কাছে থাকা ৮০ পুরিয়া হিরোইন ও ১৬টি ইয়াবা ট্যাবলেট কিছু ব্যক্তি ছিনিয়ে নেয়। এ ঘটনার পর মাদক ব্যবসায়ী পিয়াল ও সোহাগ নামের এক ব্যক্তির মধ্যে হওয়া কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এরপর দুলাল শেখসহ সংশ্লিষ্ট মাদক কারবারিদের ধরতে মাঠে নামে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালানোর একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বেলকুচি গ্রামের পণ্ডিতবাড়ী মোড় এলাকায় মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুলাল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কাছ থেকে মাদক ছিনিয়ে নেওয়ার ঘটনাকে ঘিরে একটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অবশেষে মঙ্গলবার ২০ পুরিয়া হিরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।


