তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

সিলেট থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস জ্বালানি তেল শেষ হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাঝপথে থেমে গেছে। এতে প্রায় ৩০ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আজ বুধবার সকাল সাতটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাসটি।
সকাল আটটার দিকে ঘটনাস্থলে দেখা যায়, মহাসড়কের এক পাশে বাসটি থেমে আছে। কয়েকজন যাত্রী বাসের ভেতরে অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বিকল্প যানবাহনের খোঁজে রাস্তায় দাঁড়িয়ে আছেন। বাসের চালকের সহকারী বালতি নিয়ে আশপাশের ফিলিং স্টেশনে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছিলেন। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেলের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

বাসের এক যাত্রী জানান, তিনি কক্সবাজার হয়ে টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে বাসটিতে ওঠেন। পথে কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষার পর অল্প অল্প করে জ্বালানি নেওয়া হয়। কোথাও ১০ লিটার, কোথাও ২০ লিটার দেওয়া হয়েছে। এমনকি ১০ লিটারের বেশি তেল পেতে অতিরিক্ত টাকাও দিতে হয়েছে। এরপরও গন্তব্যে পৌঁছানোর আগেই তেল শেষ হয়ে যায়।
বাসচালক ওসমান গনি গণমাধ্যমে জানান, সিলেট থেকে কক্সবাজার যেতে তাঁর বাসে প্রায় ১৬০ লিটার জ্বালানি প্রয়োজন। যাত্রা শুরুর সময় বাসে ছিল ৭০ লিটার তেল। পথে কয়েকটি ফিলিং স্টেশনে চেষ্টা করে তিনটিতে অল্প পরিমাণ জ্বালানি পাওয়া গেছে। বাকি জায়গাগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল পাওয়া যায়নি। ফলে সীতাকুণ্ডে এসে বাসটি থেমে যায়।
তিনি বলেন, সীতাকুণ্ড থেকে কক্সবাজার যেতে আরও অন্তত ৬০ লিটার জ্বালানি প্রয়োজন। যাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রামে নামার কথা থাকা কয়েকজনকে লোকাল পরিবহনে তুলে দেওয়া হচ্ছে। অন্য যাত্রীদের জন্য কোম্পানির বিকল্প বাসের ব্যবস্থা করার চেষ্টা চলছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান চান। মাঝপথে বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রাপথে অনিশ্চয়তা ও দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

ফেনীতে কাগজপত্র ও লাইসেন্স ছাড়া যানবাহনে তেল না দেওয়ার নির্দেশ

