বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরও এক দিনমজুরের মৃত্যু হওয়ায় প্রাণহানির এ সংখ্যা বাড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সেদিনও বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকেরা কাজের আশায় সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর উঠে যায়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সর্বশেষ নিহত শ্রমিকের নাম তাজমুল (৪৫)। তিনি জয়পুরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকার বেলাল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আমিরুল ও নূর আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।
স্থানীয় সূত্র জানায়, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, পাবনাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ভোরে শতাধিক দিনমজুর এরুলিয়া বাজার এলাকায় কাজের সন্ধানে জড়ো হন। স্থানীয় কৃষক ও গৃহস্থরা সেখান থেকেই তাঁদের দৈনিক ভিত্তিতে কাজে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাসটি প্রথমে রাস্তার পাশে একটি খুঁটিতে ধাক্কা খায়। এরপর চালক নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করলেও বাসটি অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। একপর্যায়ে সেটি ঘুরে বিপরীতমুখী হয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিকের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে গতিরোধক নির্মাণসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, বাসচাপায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান, গঠন হচ্ছে বিশেষ কমিটি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

