উৎসবমুখর পরিবেশে শেরপুরে ভোটগ্রহণ: দুপুর পর্যন্ত ৪৯ শতাংশ ভোট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বগুড়া-৫ আসনে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের কার্যক্রমও চলছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
ভোটারদের মধ্যে এবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে সরাসরি ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন। শীতের আমেজ থাকা সত্ত্বেও সকাল সাতটা থেকেই কেন্দ্রের সামনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার জাতীয় নির্বাচনের ব্যালটের পাশাপাশি গণভোটের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, যা ভোটারদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
সকাল সাড়ে ৯টার দিকে ধনকুন্ডি শাহনাজ সিরাজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেন বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় তার সঙ্গে স্ত্রী, পুত্র এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ সময় পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে সাধারণ মানুষের পাশাপাশি প্রার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন।

ভোট প্রদান শেষে জিএম সিরাজ সংবাদমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।” শেরপুর ও ধুনটের মানুষ বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবে এবং সারাদেশে বিএনপির বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো: দবিবুর রহমান শুভগাছা দাখিল মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। তবে ভোটের পরিবেশ বা পরিস্থিতি নিয়ে তিনি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, দলের কেন্দ্র থেকে বক্তব্য দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে পারছেন না।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ভোট খুব ভালো পরিবেশে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো খারাপ খবর পাওয়া যায়নি।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনে শেষ পর্যন্ত সত্যের জয় হবে ইনশাআল্লাহ।
নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। তিনি জানান, সম্পূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, “দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪৯.৫ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, যা অত্যন্ত ইতিবাচক।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

