ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
সোমবার (৪ মে) সকালে হাসপাতালের ২ নম্বর ভবনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শাহবাগ থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র ঢামেকে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেত এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এমন অভিযোগের ভিত্তিতে সাদা পোশাকে নজরদারির পর এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, আটক ৪৫ জনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। পরে তাদের রমনা বিভাগের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে, যেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আটকদের মধ্যে ১৯ জন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিও রয়েছেন বলে জানান ডিসি মাসুদ আলম। তাদের হাসপাতাল ভিজিটের নির্ধারিত সময় থাকলেও, সোমবার নির্ধারিত সময়ের আগেই তারা হাসপাতালে প্রবেশ করেছিলেন।
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আটকের খবর ছড়িয়ে পড়লে শাহবাগ থানার সামনে তাদের সহকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়ো হন। এ সময় তারা আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে তদবির করতে থাকেন।
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী সোমবার ভিজিটের দিন হওয়ায় তাদের প্রতিনিধিরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়েছে বলে তিনি জানান।


