ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পরই তিনি এ পদ ছাড়েন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সূত্র জানায়, গত ২৮ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে তা সলিসিটর কার্যালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম খন্দকার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে এই পদে নির্বাচন করছেন।
আইনজীবীদের এ শীর্ষ সংগঠনের নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
এদিকে, চলতি বছরের শুরুতে একই কার্যালয়ে আরও কিছু পরিবর্তন আসে। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই সহকারী অ্যাটর্নি জেনারেল—মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী—গত ২ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
এ ছাড়া ৬ এপ্রিল সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া আইনজীবী মো. আবুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের কথা সেদিন জানানো হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব পরিবর্তনের আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ২৩০ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ১০৩।


